ঢাকা, মার্চ ২৩ (মতিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সংগঠনটির সাবেক এক নেতা বলেছেন, তাদের সময়ে টেন্ডারবাজি কী- তাই তারা বুঝতেন না। এখন ছাত্রলীগের পাতি-নেতা প্রায় বিনা শ্রমে মাসে যত টাকা উপার্জন করে, সাবেক ডাকসাইটে নেতারা তা বছরের পর বছর নিরলস পরিশ্রম করেও আয় করতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তাদের যুগে টেন্ডারবাজির সুযোগ না থাকায় তারা যতো বঞ্চনার শিকার হয়েছেন, তিনি তার ক্ষতিপূরণ দাবি করেন।
২৩ মার্চ ‘জাতীয় পতাকা দিবস’ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাক্তণ ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রউফ এ কথা বলেন।
তিনি বলেন, “টেন্ডারবাজি কী- তাই আমরা বুঝতাম না। এখনকার নেতাকর্মীরা টেন্ডাবাজিতে জড়িয়ে পড়ছে। তাদের মধ্যে অবক্ষয় নেমে এসেছে। দুঃখের বিষয় এই যে, আমাদের সময়ে আমাদের মধ্যে এমন অবক্ষয় নেমে আসার সুযোগ দেয়া হয়নি।”
তাই অনুষ্ঠানে বক্তারা অতীতের ছাত্রলীগ এবং তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতাদের টেন্ডারবাজি করতে না পারার ক্ষতিপূরণ ও সার্বিক মূল্যায়নের জন্য শেখ হাসিনার কাছে দাবি জানান।