ক্রীড়া মতিবেদক | তারিখ: ০৯-০৪-২০১১

প্রতিবন্ধী ক্রিকেটার আশরাফুল
বিশ্বকাপ দলে ‘প্রতিবন্ধী ক্রিকেটার ‘কোটায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের সবচাইতে প্রতিভাবান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সেখানে ফ্লপ। দুটো ম্যাচ খেলে রান করেছিলেন ১ ও ১১।
বিশ্বকাপ শেষে আশরাফুল আক্ষেপ করে মতিকণ্ঠকে বলেছিলেন, ‘বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স আসলে দলের ভাল চান না। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে দলেন বাইরে রাখলেন। আপনারা যদি বিশ্বকাপে আমার পারফরমেন্স মুল্যায়ন করেন তাহলে আমার ব্যাটিংয়ে ধারাবাহিকতার ছাপ দেখতে পাবেন।’
তিনি দাবি করেন বিশ্বকাপে তাকে আরো দুটো ম্যাচ খেলতে দিলে তিনি ১১১ ও ১১১১ রান করতে পারতেন।
বিশ্বকাপ শেষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসাবে আশরাফুল দল নিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ১৪ রান এসেছে তার ব্যাট থেকে। খেলেছেন ২৭ বল, বাউন্ডারি ২টি। প্রথমদিন শেষে স্বাগতিকদের ৭ উইকেটে করা ৩০১ রানের জবাবে আশরাফুলের দল ১৫৬ রানে মুখ থুবড়ে পড়েছে।
প্রথমদিনের খেলা শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আশরাফুল বলেন, তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রয়েছে। ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পরের ইনিংসে তিনি ১৪১৪ রান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।